রংপুর ও ময়মনসিংহে সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
দেশের রংপুর ও ময়মনসিংহ অঞ্চলে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টিসহ ঝড়ো আবহাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে।
সম্ভাব্য প্রতিকূল আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ পরিস্থিতিতে নৌযান চালকদের সতর্কতার সঙ্গে চলাচল এবং স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।