ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক, ছাড় পাবেন নির্দিষ্ট শ্রেণির গ্রাহকরা
নতুন অর্থবছর থেকে দেশে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যবসায়িক ব্যাংক হিসাব খুলতে ভ্যাট নিবন্ধন নম্বরও বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই প্রস্তাব দেন।
প্রস্তাব অনুযায়ী, টিআইএন ছাড়া নতুন ব্যাংক হিসাব খোলা যাবে না এবং বিদ্যমান কিছু হিসাব সচল রাখার ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। তবে শিক্ষার্থী, ভাতাভোগী এবং কর অব্যাহতি পাওয়া ব্যক্তিরা এই বাধ্যবাধকতার বাইরে থাকবেন।
অন্যদিকে ব্যবসায়িক লেনদেনের জন্য ব্যাংক হিসাব খুলতে ভ্যাট নিবন্ধন নম্বর বাধ্যতামূলক করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত কার্যকর হলে আনুষ্ঠানিক ব্যাংকিং খাতে অন্তর্ভুক্তি বাড়তে পারে, তবে নিম্নআয়ের মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ব্যাংকিং সেবা গ্রহণ কিছুটা কঠিন হয়ে যেতে পারে। পাশাপাশি নগদ লেনদেন বা অনানুষ্ঠানিক অর্থনীতির ওপর নির্ভরতা বাড়ার ঝুঁকিও রয়েছে।
বাজেটে ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্কের সীমা কিছুটা বাড়িয়ে ৩ লাখ টাকা থেকে ৪ লাখ টাকা পর্যন্ত করা হয়েছে। এর বাইরে অন্যান্য স্তরের শুল্কহার অপরিবর্তিত রাখা হয়েছে।