নিজেকে নিয়ে ছড়ানো গুঞ্জন প্রসঙ্গে মুখ খুললেন মৌনি রায়
স্বামী সুরজ নাম্বিয়ার–এর সঙ্গে বিচ্ছেদের পর নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুঞ্জনের বিষয়ে কথা বলেছেন অভিনেত্রী মৌনি রায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, তাকে নিয়ে প্রচারিত সবচেয়ে আলোচিত গুজব ছিল তিনি নাকি সমকামী।
একটি অনলাইন আড্ডা অনুষ্ঠানে নিজের সম্পর্কে শোনা সবচেয়ে বড় গুজব কী— এমন প্রশ্নের উত্তরে মৌনি সরাসরি এই মন্তব্য করেন। তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা আসার কয়েক সপ্তাহ পরই তিনি বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেন।
২০২২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর চলতি বছরের মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথভাবে বিচ্ছেদের ঘোষণা দেন মৌনি ও সুরজ। তবে বিচ্ছেদের পর নানা ধরনের জল্পনা ও গুঞ্জন ছড়িয়ে পড়ে।
সাক্ষাৎকারে মৌনি জানান, জীবনের কঠিন সময়ে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের পাশে পেয়ে তিনি কৃতজ্ঞ। বিশেষ করে তার বান্ধবীরা সব পরিস্থিতিতে তাকে সমর্থন দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
এ সময় তরুণীদের উদ্দেশে তিনি অর্থনৈতিক ও মানসিকভাবে স্বনির্ভর হওয়ার পরামর্শও দেন।
বিচ্ছেদের বিষয়ে মৌনি ও সুরজ তাদের যৌথ বিবৃতিতে জানিয়েছিলেন, পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরে সুরজও পৃথক এক বিবৃতিতে স্পষ্ট করেন যে, তাদের বিচ্ছেদের পেছনে কোনো পারিবারিক বিরোধ, আর্থিক বিষয় বা তৃতীয় কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা ছিল না।