ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার সকাল ৬টার দিকে উপজেলার কেওয়াটখালী ব্রিজ–১ সংলগ্ন মাওয়ামুখী লেনের সার্ভিস রোডে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন–এর স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
এর আগে ১২ জুন রাতেও একই এক্সপ্রেসওয়ের কামারখোলা এলাকায় সার্ভিস রোড থেকে আরেকজন ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় রহস্য ও উদ্বেগ তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কারণ নিশ্চিত করতে পারেনি।