ঝিনাইদহে তুলার কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে গেল ৩০ টন তুলা
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরে একটি তুলার জাজিম তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানায় মজুত থাকা প্রায় ৩০ টন তুলা পুড়ে যায়।
রোববার দুপুরে পৌর শহরের দুধসারা হটাতপাড়া এলাকায় মহাসড়কের পাশে অবস্থিত কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়।
কারখানার মালিক শাকিল আহমেদ জানান, প্রতিদিনের মতো শ্রমিকদের নিয়ে কাজ চলছিল। এ সময় হঠাৎ একটি মোটরের পাশ থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো কারখানা আগুনে গ্রাস করে।
তিনি বলেন, ব্যাংক ঋণ নিয়ে ব্যবসাটি গড়ে তুলেছিলেন। আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ থেকে ৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর কোটচাঁদপুর ইউনিটের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও মজুত থাকা বিপুল পরিমাণ তুলা রক্ষা করা সম্ভব হয়নি।
কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কুতুব উদ্দিন জানান, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত না হলেও প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।