ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকে থাকতে পারত না। একই সঙ্গে তিনি বলেছেন, এ কারণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।
ইরানের সঙ্গে নতুন সমঝোতার ঘোষণা দেওয়ার পর নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন ট্রাম্প।
নেতানিয়াহুর সমালোচনা করে ট্রাম্প বলেন, লেবাননে ইসরাইলের সামরিক অভিযান চূড়ান্ত চুক্তিকে প্রায় ভেস্তে দিতে বসেছিল। তিনি নেতানিয়াহুকে ‘খুবই কঠিন একজন মানুষ’ বলেও উল্লেখ করেন।
ট্রাম্পের ভাষায়, “ইরানের যদি পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে ইসরাইল দুই ঘণ্টাও টিকে থাকতে পারত না। এ কারণেই তাদের আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।”
তিনি আরও সতর্ক করে বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, ট্রাম্প দাবি করেছেন যে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলাই তেহরানকে আলোচনার টেবিলে ফিরতে এবং সমঝোতায় রাজি হতে বাধ্য করেছে।
ট্রাম্প বলেন, “তারা আরেকটি হামলা চায়নি। তারা বেঁচে থাকতে চায়।”
তার মতে, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপই সমঝোতা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং এর প্রভাব ছিল অত্যন্ত বড়।