যুক্তরাষ্ট্র-ইরান শান্তি উদ্যোগের মাঝেও অনড় নেতানিয়াহু, লেবানন ছাড়ছে না ইসরাইল
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির অগ্রগতি সত্ত্বেও লেবাননে দখল করা এলাকা থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সোমবার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যতদিন প্রয়োজন হবে ততদিন ইসরাইলি সেনাবাহিনী লেবাননের তথাকথিত নিরাপত্তা বেষ্টনী এলাকায় অবস্থান করবে। একই সঙ্গে সিরিয়ায় দখল করা অঞ্চল থেকেও সেনা সরিয়ে নেওয়ার সম্ভাবনা নাকচ করেন তিনি।
নেতানিয়াহু জানান, দক্ষিণ লেবাননের দখলকৃত এলাকায় ইসরাইলি বাহিনীর উপস্থিতি অব্যাহত থাকবে। তার দাবি, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ প্রয়োজন।
এদিকে, আগামী শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষর হতে যাওয়া চুক্তির আওতায় লেবাননের পরিস্থিতিও আলোচনার অংশ হিসেবে রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ফলে নেতানিয়াহুর এই অবস্থান যুদ্ধবিরতি ও শান্তি উদ্যোগের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছিলেন, প্রস্তাবিত সমঝোতার অংশ হিসেবে লেবাননসহ সংশ্লিষ্ট সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।
তবে নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন, ইসরাইল হিজবুল্লাহ এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে। তিনি ইরানের প্রভাব মোকাবিলায় কঠোর অবস্থান বজায় রাখারও ঘোষণা দেন।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান শান্তি উদ্যোগের মধ্যেও লেবানন ইস্যুতে ইসরাইলের কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতার জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।