গোমস্তাপুরে বিএসএফের পুশইন চেষ্টায় সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিএসএফের পুশইন কার্যক্রমে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৬ জুন) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৬ জুন) রাতে রোকনপুর সীমান্ত দিয়ে স্থানীয় মাঝির সহায়তায় নৌকাযোগে এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির টহল দলের সদস্যরা তা প্রতিহত করে।
এ ঘটনায় সীমান্তে পুশইন কার্যক্রমে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক করে পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, বিভিন্ন সময়ে বিএসএফের পুশইন কার্যক্রমে সহায়তার অভিযোগে আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এর আগে, গত ১৩ জুন একই সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবির বাধার মুখে ওই ব্যক্তিদের ফেরত নিতে বাধ্য হয় তারা।