বুধবার , ১৭ জুন ২০২৬
বুধবার , ১৭ জুন ২০২৬
হোমসারা দেশ৬০ ঘণ্টা ধরে সীমান্তের শূন্যরেখায় ৬ বাংলাদেশি, পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

৬০ ঘণ্টা ধরে সীমান্তের শূন্যরেখায় ৬ বাংলাদেশি, পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

favicon
ভোরের আলো ডেস্ক:
৬০ ঘণ্টা ধরে সীমান্তের শূন্যরেখায় ৬ বাংলাদেশি, পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তের শূন্যরেখায় দুই শিশু সন্তানসহ টানা ৬০ ঘণ্টা ধরে মানবেতর জীবন কাটাচ্ছেন সুমি আক্তার ও বেলাল হোসেন দম্পতিসহ মোট ছয়জন।


ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করলেও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের বাধার কারণে তারা এখনো শূন্যরেখায় অবস্থান করছেন।


স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, গত রবিবার (১৪ জুন) ভোরে গয়টাপাড়া ও বড়াইবাড়ি ভন্দুরচর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ মোট নয়জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। তবে কাঁটাতারের কাছেই বিজিবির বাধায় তারা প্রবেশ করতে পারেননি।


মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা পর্যন্ত তারা সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে অবস্থান করছিলেন। ফলে তারা ভারতের ভেতরেও ফিরতে পারছেন না, আবার বাংলাদেশেও প্রবেশ করতে পারছেন না।


সুমির কোলে রয়েছে ছয় মাস বয়সী শিশু এবং বেলালের কোলে চার বছর বয়সী আরেক শিশু। তারা ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।


বিজিবির দাবি, সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফ একাধিকবার পুশ ইনের চেষ্টা করেছে। তবে বিএসএফ বলছে, আটক ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক এবং যাচাই ছাড়া তাদের গ্রহণ করা হচ্ছে না।


এ বিষয়ে রবিবার কম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান আসেনি। বিজিবি জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে এবং গ্রহণযোগ্য সমাধান ছাড়া তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।


স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবি সদস্যরা মানবিক কারণে তাদের খাবার, পানি ও প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন বলে জানা গেছে।