মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাযুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় স্বস্তি, কমল বিশ্ববাজারে তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় স্বস্তি, কমল বিশ্ববাজারে তেলের দাম

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় স্বস্তি, কমল বিশ্ববাজারে তেলের দাম

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার উচ্চপর্যায়ের আলোচনার পর বৈশ্বিক তেলবাজারে স্বস্তি ফিরেছে। ইরানের পক্ষ থেকে তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিলতার আশ্বাস পাওয়ার কথা জানানো হয়েছে।


এর ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ সংকটের আশঙ্কা কিছুটা কমেছে। সোমবার (২২ জুন) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়।


বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.৫৩ ডলার বা ১.৯০ শতাংশ কমে ৭৯.০৪ ডলারে নেমে আসে। তবে দিনের শুরুতে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি বন্ধের হুমকির কারণে দাম বেড়ে ৮২.৩০ ডলারে উঠেছিল।


এদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের জুলাই চুক্তির দাম ব্যারেলপ্রতি ৭ সেন্ট কমে ৭৬.৫৩ ডলারে দাঁড়িয়েছে। আগস্ট চুক্তির দাম কমেছে ৫৫ সেন্ট, যা নেমে এসেছে ৭৫.৩০ ডলারে।


সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বৈঠক শেষে মধ্যস্থতাকারীরা জানান, মার্কিন ও ইরানি কর্মকর্তারা উচ্চপর্যায়ের আলোচনা সম্পন্ন করেছেন। এর লক্ষ্য ছিল গত এপ্রিল থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি আরও অন্তত ৬০ দিন বাড়ানোর পথ তৈরি করা।


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, আলোচনায় তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল, জব্দকৃত সম্পদ মুক্ত করা এবং ইরানের পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে অগ্রগতি হয়েছে।


বাজার বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেলেও পরিস্থিতি এখনো অনিশ্চিত। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা তেলের বাজারে নতুন চাপ তৈরি করতে পারে।