ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের
দেশে ব্যবসা শুরু করার প্রক্রিয়া সহজ করতে সময় কমিয়ে ১৪ দিনে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, আগে একটি ব্যবসা শুরু করতে প্রায় এক বছর পর্যন্ত সময় লাগত। সরকারের লক্ষ্য হচ্ছে, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে ১৪ দিনের মধ্যেই একটি কোম্পানিকে কার্যক্রম শুরুর সুযোগ তৈরি করা। সঠিক পরিস্থিতিতে ১৫তম দিনেই প্রতিষ্ঠানটি যন্ত্রপাতি আমদানির জন্য ঋণপত্র (এলসি) খুলতে পারবে।
সোমবার (২২ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক সরবরাহ শৃঙ্খলের জন্য বিনিয়োগ, বাণিজ্য এবং শোভন কাজের এজেন্ডা সমন্বয়’ শীর্ষক ডিব্রিফিং সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) যৌথ আয়োজনে অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমাকে শুধু অতিরিক্ত সময় হিসেবে না দেখে প্রস্তুতি গ্রহণের সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, এই সময়কে ব্যবহার করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, অর্থনৈতিক প্রতিযোগিতা বাড়ানো, উৎপাদন খাতের বৈচিত্র্য তৈরি এবং এলডিসি-পরবর্তী বাস্তবতার জন্য বাংলাদেশকে প্রস্তুত করতে হবে।
মন্ত্রী আরও বলেন, ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণ, লাইসেন্সিং জটিলতা কমানো এবং বাজার সম্প্রসারণে সরকার অগ্রাধিকার দিচ্ছে। বর্তমান বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় স্থিতিশীলতা, স্বচ্ছতা, টেকসই উন্নয়ন এবং দায়িত্বশীল ব্যবসায়িক আচরণের গুরুত্ব বেড়েছে।
তিনি জানান, দায়িত্বশীল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় ‘রেসপনসিবল বিজনেস কন্ডাক্ট সেল’ গঠন করেছে। এটি সরকারি সংস্থা, ব্যবসায়ী সংগঠন, শ্রমিক প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বয় বাড়াতে কাজ করবে।
আগামী জুলাই মাসে এসব উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, বিডার এক্সিকিউটিভ মেম্বার মো. হুমায়ুন কবির, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেকজনিয়াকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।