বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমবিশ্বযুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরতা কমাতে চান নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরতা কমাতে চান নেতানিয়াহু

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরতা কমাতে চান নেতানিয়াহু

ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব অস্ত্র উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।


মঙ্গলবার (২৩ জুন) পশ্চিম তীরের গুশ এৎজিয়নে রিজার্ভ সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।


নেতানিয়াহু বলেন, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া সহযোগিতার জন্য ইসরায়েল কৃতজ্ঞ। তবে ভবিষ্যতের নিরাপত্তার জন্য নিজেদের অস্ত্র নিজেরাই উৎপাদন করার সক্ষমতা গড়ে তুলতে হবে।


তিনি বলেন, ইসরায়েল বর্তমানে ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছে এবং এই পরিস্থিতি এখনো শেষ হয়নি। দেশের ভবিষ্যৎ শক্তি ও নিরাপত্তা নিজেদের সক্ষমতার ওপর নির্ভর করবে বলেও মন্তব্য করেন তিনি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী কয়েক দশকের জন্য শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে স্বাধীন অস্ত্র উৎপাদন ব্যবস্থা প্রয়োজন।


গত কয়েক মাস ধরে নেতানিয়াহু ইসরায়েলের সামরিক খাতে যুক্তরাষ্ট্রের সহায়তার ওপর নির্ভরতা কমানোর বিষয়ে কথা বলে আসছেন। তার এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ইসরায়েলে আলোচনা চলছে।