২০৫৬ সালের মধ্যে ইংল্যান্ডের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আশঙ্কা
জলবায়ু পরিবর্তনের বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৫৬ সালের মধ্যে যুক্তরাজ্যের কিছু এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।
যুক্তরাজ্যের আবহাওয়া অফিস (মেট অফিস) ১৯৭৬ সালের ঐতিহাসিক তাপপ্রবাহের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি নতুন জলবায়ু মডেল তৈরি করেছে। ‘পসিবল ২০৫৬ সিনারিও’ নামের এই মডেলে ভবিষ্যতে চরম তাপপ্রবাহের সম্ভাব্য প্রভাব তুলে ধরা হয়েছে।
বিজ্ঞানীদের মতে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ২.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে ইংল্যান্ডে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। একই সময়ে ওয়েলস, স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে তাপমাত্রা যথাক্রমে ৪১, ৩৮ ও ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
গবেষণায় বলা হয়েছে, ভবিষ্যতের এমন তীব্র তাপপ্রবাহ দুই সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। এর মধ্যে টানা কয়েকদিন তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকতে পারে।
মেট অফিসের অধ্যাপক স্টিফেন বেলচার বলেন, ১৯৭৬ সালের তীব্র গরমের স্মৃতি এখনো অনেক মানুষের মনে রয়েছে। তবে সেই সময়ের তুলনায় বর্তমানে জলবায়ুর বড় পরিবর্তন ঘটেছে। যুক্তরাজ্যের গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা ইতোমধ্যে প্রায় ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।
তিনি বলেন, শুধু গড় তাপমাত্রা নয়, চরম আবহাওয়ার ঘটনাগুলোর তীব্রতাও বাড়ছে, যা ভবিষ্যতের জন্য উদ্বেগের বিষয়।
তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, এটি কোনো নিশ্চিত আবহাওয়ার পূর্বাভাস নয়। বরং বর্তমান জলবায়ু পরিবর্তনের ধারা অব্যাহত থাকলে ২০৫৬ সালের দিকে এমন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।