‘দিদি নাম্বার ওয়ান’-এর নতুন মুখ স্বস্তিকা, বিদায় রচনা ব্যানার্জির
দীর্ঘ প্রায় দেড় দশক পর জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ান-এর সঞ্চালকের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন রচনা ব্যানার্জি। তার জায়গায় নতুন ‘দিদি’ হিসেবে দায়িত্ব নিচ্ছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।
জি বাংলার প্রকাশিত নতুন প্রোমোতে স্বস্তিকাকে অনুষ্ঠানটির নতুন সঞ্চালক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। নতুন মৌসুমে শুধু উপস্থাপক পরিবর্তন নয়, অনুষ্ঠানটির ফরম্যাটেও আসছে বেশ কিছু পরিবর্তন।
আগের মৌসুমে চারজন প্রতিযোগী অংশ নিলেও নতুন সিজনে একসঙ্গে ১০ জন প্রতিযোগী অংশ নেবেন। যুক্ত হচ্ছে নতুন গেম সেগমেন্ট ও বিভিন্ন চমক।
এ ছাড়া বদলানো হয়েছে অনুষ্ঠানের সম্প্রচারের সময়ও। আগে বিকেলে প্রচারিত হলেও নতুন মৌসুম থেকে অনুষ্ঠানটি রাত ১০টা ১৫ মিনিটে প্রচার হবে। আগামী ২৯ জুন থেকে শুরু হবে নতুন সিজন।
অনুষ্ঠান থেকে সরে দাঁড়ানোর বিষয়ে রচনা ব্যানার্জি জানান, তার কাজের চাপ থাকলেও অনুষ্ঠানটিকে নতুনভাবে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।
তিনি বলেন, নতুন সঞ্চালকের জন্য এটি বড় চ্যালেঞ্জ। কারণ দীর্ঘদিন ধরে অনুষ্ঠানটির সঙ্গে তার নাম জড়িয়ে রয়েছে।
অন্যদিকে, স্বস্তিকার আগমন নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে। নতুন উপস্থাপনা ও পরিবর্তিত ফরম্যাট দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে, সেটিই এখন দেখার বিষয়।