ভেনেজুয়েলায় পরপর দুই শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রথমে ৭ দশমিক ২ মাত্রার এবং অল্প সময়ের ব্যবধানে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হওয়ায় দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সময় বুধবার (২৫ জুন) রাজধানী কারাকাসের পশ্চিমাঞ্চলে এই ভূমিকম্প দুটি আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটি কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপে এলাকার কাছে আঘাত হানে। এর কিছুক্ষণ পর রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমার অঞ্চলের কাছে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্প দুটির কারণে বড় ধরনের প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সংস্থাটির প্রাথমিক মূল্যায়নে সম্ভাব্য মৃতের সংখ্যা ১০ হাজার থেকে এক লাখের মধ্যে হতে পারে বলে উল্লেখ করা হয়েছে, যদিও এ সংখ্যা এখনো নিশ্চিত নয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শক্তিশালী কম্পনের ফলে রাজধানী কারাকাসে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় তৎপরতা শুরু করেছেন এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়ো রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে ভবন ধসের তথ্য নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত সরকারিভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করা হয়নি।
ভূমিকম্পের পর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে দেশটির জরুরি সেবা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
কর্তৃপক্ষ নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান এবং আফটারশকের আশঙ্কায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।