বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমবিশ্বজোড়া ভূকম্পনের পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা

জোড়া ভূকম্পনের পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা

favicon
ভোরের আলো ডেস্ক:
জোড়া ভূকম্পনের পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা


দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূকম্পন আঘাত হানার পর দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকার। রাষ্ট্রীয় দূরদর্শনে প্রচারিত ভাষণে প্রেসিডেন্ট নিজেই এ ঘোষণা দেন।


ভূকম্পনে বহু মানুষ হতাহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট। তবে তিনি হতাহতের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি।


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, প্রথম ভূকম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ২। এর উৎপত্তিস্থল ছিল কারাবোবো প্রদেশে, যা রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত।


এর মাত্র ৩৯ সেকেন্ড পর ৭ দশমিক ৫ মাত্রার আরও শক্তিশালী দ্বিতীয় ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।


সংস্থাটির মতে, দ্বিতীয় ভূকম্পনের কারণে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাদের প্রাথমিক মূল্যায়নে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যুর সম্ভাবনা ৪৪ শতাংশ এবং ১ লাখের বেশি মানুষের মৃত্যুর সম্ভাবনা ৩০ শতাংশ।


ভূকম্পনের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের পাশে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো এবং জাতীয় পরিষদের প্রধান হোর্হে রদ্রিগেজ। এ সময় তিনি জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি পরিস্থিতি মোকাবিলার দায়িত্ব তদারকির জন্য একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে নিয়োগ দেন।


প্রেসিডেন্ট দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তবে প্রাণহানির সুনির্দিষ্ট সংখ্যা সম্পর্কে কোনো তথ্য দেননি।


তথ্যসূত্র: বিবিসি