আবারও বাড়ল সোনার দাম, ভরি ছাড়াল ২ লাখ ২৮ হাজার টাকা
টানা দুই দফা মূল্যহ্রাসের পর আবারও দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বৃদ্ধি করা হয়েছে।
শনিবার (২৭ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন মূল্যহার একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড)-এর দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে সোনার দামে ওঠানামা অব্যাহত রয়েছে। এর আগে টানা দুই দফায় দাম কমানো হলেও আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের দামের পরিবর্তনের প্রভাবে এবার আবারও মূল্য বৃদ্ধি করা হলো।