২০৩৮ বিশ্বকাপ এককভাবে আয়োজন করতে চায় যুক্তরাষ্ট্র
চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র এবার ২০৩৮ সালের বিশ্বকাপ এককভাবে আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে। হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু গিলিয়ানো এ বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন।
বর্তমান বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। ১০৪টি ম্যাচের মধ্যে ৭৮টিই অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে, যা দেশটির অবকাঠামোগত সক্ষমতার বড় প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যান্ড্রু গিলিয়ানো বলেন, ভবিষ্যতে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৬৪-এ উন্নীত হলেও তা সফলভাবে আয়োজন করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। তবে ২০৩৮ সালের আয়োজক হওয়ার প্রচারণা শুরুর আগে চলমান বিশ্বকাপ সফলভাবে শেষ করাই তাদের প্রধান লক্ষ্য বলে জানান তিনি।
এরই মধ্যে ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপের আয়োজক দেশ নির্ধারণ করা হয়েছে। ২০৩০ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে শতবর্ষ উপলক্ষে উদ্বোধনী তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। অন্যদিকে ২০৩৪ সালের বিশ্বকাপের একক আয়োজক সৌদি আরব।
গিলিয়ানোর মতে, ২০৩৮ সালের বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে হলে তা ফিফার জন্যও বাণিজ্যিকভাবে লাভজনক হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে অধিকাংশ স্টেডিয়াম ও প্রয়োজনীয় অবকাঠামো আগে থেকেই প্রস্তুত থাকায় অন্যান্য দেশের তুলনায় আয়োজন ব্যয়ও তুলনামূলক কম হবে।