লেবাননের সঙ্গে চুক্তি ইসরাইলের ‘ঐতিহাসিক সাফল্য’: নেতানিয়াহু
লেবাননের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত নতুন চুক্তিকে ইসরাইলের জন্য একটি ‘ঐতিহাসিক সাফল্য’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, এই সমঝোতা ইসরাইলের নিরাপত্তা ও কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করেছে।
নেতানিয়াহু বলেন, “সরাসরি ইসরাইল ও লেবাননের মধ্যে আলোচনার মাধ্যমে আমরা এমন একটি চুক্তিতে পৌঁছেছি, যা দেশের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।”
তার দাবি, এই সমঝোতার ফলে ইরান এবং তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কৌশলগতভাবে বড় ধরনের চাপের মুখে পড়েছে।
সম্প্রতি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক দফা আলোচনার পর ইসরাইল ও লেবানন একটি কাঠামোগত (ফ্রেমওয়ার্ক) চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি ঘোষণার সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এটি দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করতে পারে।
তবে চুক্তি স্বাক্ষরের পরও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনী ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সীমান্ত পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।
এদিকে চুক্তিতে হিজবুল্লাহ সরাসরি অংশ না নেওয়ায় লিতানি নদীর দক্ষিণাঞ্চল থেকে সংগঠনটির যোদ্ধারা সরে যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন, ইসরাইল-হিজবুল্লাহ সংঘাত দীর্ঘায়িত হলে ইরানের সঙ্গে হওয়া বৃহত্তর শান্তি সমঝোতা বাধাগ্রস্ত হতে পারে। ওই সমঝোতায় লেবাননসহ সংশ্লিষ্ট সব ফ্রন্টে সংঘর্ষ বন্ধ রাখার অঙ্গীকারের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।