আবার একসঙ্গে নিনা দব্রেভ ও পল ওয়েসলি, নতুন থ্রিলারে ফিরছে জনপ্রিয় জুটি
জনপ্রিয় টেলিভিশন সিরিজ দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ-এর দর্শকপ্রিয় জুটি নিনা দব্রেভ ও পল ওয়েসলি আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন। এবার তারা অভিনয় করবেন ইউ ডিজার্ভ টু নো শিরোনামের একটি থ্রিলার চলচ্চিত্রে, যা মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হুলুতে।
চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে লেখক অ্যাগি ব্লুম থম্পসনের ২০২৫ সালে প্রকাশিত একই নামের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে। এর চিত্রনাট্য লিখেছেন গ্র্যান্ড হোটেল সিরিজের নির্মাতা ব্রায়ান ট্যানেন।
গল্পটি আবর্তিত হয়েছে শহরতলির পাশাপাশি বসবাসকারী তিনটি দম্পতিকে ঘিরে। ঘনিষ্ঠ বন্ধুত্বে আবদ্ধ এই পরিবারগুলোর জীবনে বড় পরিবর্তন আসে, যখন তাদের একজনের স্বামী রহস্যজনকভাবে খুন হন। এরপর একে একে প্রকাশ্যে আসে বহুদিনের লুকিয়ে থাকা গোপন তথ্য, যা সম্পর্ক ও বিশ্বাসের ভিত্তিকে নড়িয়ে দেয়।
সিনেমায় নিনা দব্রেভ ‘গোয়েন’ এবং পল ওয়েসলি ‘স্কট’ চরিত্রে অভিনয় করছেন। গল্পে তারা প্রতিবেশী, যারা হত্যাকাণ্ডের তদন্তে বিপরীত অবস্থানে দাঁড়ান।
তদন্ত যত এগোয়, তাদের সম্পর্কও তত জটিল ও সংঘাতপূর্ণ হয়ে ওঠে।
অভিনয়ের পাশাপাশি নিনা দব্রেভ ও পল ওয়েসলি এই চলচ্চিত্রের নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন। প্রযোজনা দলে আরও রয়েছেন উপন্যাসের লেখক অ্যাগি ব্লুম থম্পসন এবং চিত্রনাট্যকার ব্রায়ান ট্যানেন।
সূত্র: ডেডলাইন