সোমবার , ২৯ জুন ২০২৬
সোমবার , ২৯ জুন ২০২৬
হোমবিনোদন২০ কোটি টাকা চেয়ে রোহিত শেঠিকে প্রাণনাশের হুমকি, তদন্তে মুম্বাই পুলিশ

২০ কোটি টাকা চেয়ে রোহিত শেঠিকে প্রাণনাশের হুমকি, তদন্তে মুম্বাই পুলিশ

favicon
ভোরের আলো ডেস্ক:
২০ কোটি টাকা চেয়ে রোহিত শেঠিকে প্রাণনাশের হুমকি, তদন্তে মুম্বাই পুলিশ

বলিউডের জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠি ফের প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করে তার কাছে ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে। দাবি পূরণ না করলে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে বলেও হুমকি দেওয়া হয়।


শনিবার (২৭ জুন) সকালে হুমকির ফোন পাওয়ার পরপরই মুম্বাই পুলিশ তদন্ত শুরু করে এবং রোহিত শেঠির নিরাপত্তা আরও জোরদার করে।


এর আগে কয়েক মাস আগে জুহুতে তার বাসভবনের বাইরে গুলিবর্ষণের ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সেই ঘটনার পর নতুন এই হুমকিকে গুরুত্বের সঙ্গে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।


মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ ফোনকলের উৎস শনাক্ত করতে কল রেকর্ড বিশ্লেষণ করছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে কুখ্যাত লরেন্স বিশনই গ্যাং বা অন্য কোনো সংঘবদ্ধ অপরাধচক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সংশ্লিষ্টতা নিশ্চিত করেনি পুলিশ।


পূর্বের গুলিবর্ষণের ঘটনায় তদন্ত করে পুলিশ আন্তঃরাজ্য অপরাধচক্রের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধার করেছিল। সর্বশেষ হুমকির পর রোহিত শেঠির জুহুর বাসভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।


এ বিষয়ে রোহিত শেঠি এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। অন্যদিকে মুম্বাই পুলিশ জনগণকে গুজব বা ভিত্তিহীন তথ্য ছড়িয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছে। তদন্তকারীরা যাচাই করছেন, এটি কেবল ভয়ভীতি প্রদর্শনের ঘটনা নাকি পরিকল্পিত চাঁদাবাজি চক্রের অংশ।