রবিবার , ২৮ জুন ২০২৬
রবিবার , ২৮ জুন ২০২৬
হোমজাতীয়আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী, আধুনিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশ

আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী, আধুনিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশ

favicon
সাইফুল আলম মিরাজ
আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী, আধুনিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিকভাবে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন। রোববার (২৮ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলানগরে অবস্থিত স্পারসোর কার্যালয়ে পৌঁছান তিনি।


পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে এই পরিদর্শনে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।


এ সময় স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির চলমান কার্যক্রম, গবেষণা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পরে বিভিন্ন বিভাগের কর্মকর্তারাও তাদের উদ্ভাবন, গবেষণা কার্যক্রম এবং প্রযুক্তিগত অগ্রগতি তুলে ধরেন।


পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী স্পারসোকে আধুনিক, যুগোপযোগী ও স্বনির্ভর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করার নির্দেশ দেন। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা, প্রযুক্তিগত সক্ষমতা এবং দেশের উন্নয়নে প্রতিষ্ঠানটির কার্যকর ভূমিকা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেসসচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, স্পারসো বাংলাদেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও প্রয়োগে নিয়োজিত জাতীয় প্রতিষ্ঠান।