দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশের পাশে থাকবে সুইজারল্যান্ড
বাংলাদেশের জনশক্তিকে আন্তর্জাতিক মানের দক্ষ কর্মীতে পরিণত করতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে সুইজারল্যান্ড। বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রেতো রেংগলি বলেন, দক্ষতা উন্নয়ন, নিরাপদ অভিবাসন এবং প্রত্যাবর্তনকারী কর্মীদের পুনর্বাসনে সুইজারল্যান্ড ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে।
রোববার (২৮ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে রাষ্ট্রদূত রেতো রেংগলি বাংলাদেশ ও সুইজারল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং উন্নয়ন সহযোগিতার কথা তুলে ধরেন। তিনি বলেন, বিদেশফেরত বাংলাদেশি কর্মীদের অর্থনৈতিক ও সামাজিক পুনর্বাসন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের জনমিতিক সম্ভাবনার (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) প্রশংসা করে তিনি বলেন, বৈদেশিক কর্মসংস্থান গুরুত্বপূর্ণ হলেও দেশের ভেতরে টেকসই কর্মসংস্থান সৃষ্টি আরও বেশি প্রয়োজন। সুইজারল্যান্ড তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের কর্মীদের দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক মানসম্পন্ন জনশক্তি গড়ে তুলতে সহযোগিতা করতে আগ্রহী বলেও জানান তিনি।
বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব নিয়েও আলোচনা হয়। প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, আঞ্চলিক অস্থিতিশীলতার কারণে অনেক বাংলাদেশি কর্মী দেশে ফিরে আসতে বাধ্য হচ্ছেন। তাই তাদের পুনর্বাসন, কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি।
এ সময় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মাধ্যমে সুইজারল্যান্ডের চলমান সহযোগিতার প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।