জিম্বাবুয়ের পেস তোপে ১৪০ রানে গুটিয়ে গেল বাংলাদেশ
একমাত্র টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাবে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৪০ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
বাংলাদেশের ইনিংস স্থায়ী হয় ৪৭.২ ওভার। জিম্বাবুয়ের পেস আক্রমণের সামনে শুরু থেকেই চাপে ছিল সফরকারীরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় টাইগাররা।
ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৫০ রান করেন মুমিনুল হক। এছাড়া সাদমান ইসলাম ২০ এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৯ রান করেন। ইনিংসের শেষদিকে মাত্র ২৭ রান যোগ করতে গিয়ে বাংলাদেশ হারায় শেষ সাত উইকেট।
জিম্বাবুয়ের হয়ে দুর্দান্ত বোলিং করেন নিউম্যান নিয়ামহুরি। তিনি ৬১ রানে ৪টি উইকেট নেন। রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্স দুটি করে উইকেট শিকার করেন।
টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে এটি বাংলাদেশের তৃতীয় সর্বনিম্ন ইনিংস। এর আগে ২৫ বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে এক ইনিংসে ১০৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।
জবাবে চা বিরতির পর ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে কোনো উইকেট না হারিয়ে ৬৬ রান সংগ্রহ করেছে (এই প্রতিবেদন লেখা পর্যন্ত)। ম্যাচে ফিরতে হলে দ্বিতীয় ইনিংসের আগে বাংলাদেশের বোলারদের দ্রুত উইকেট তুলে নেওয়ার বিকল্প নেই।