সোমবার , ২৯ জুন ২০২৬
সোমবার , ২৯ জুন ২০২৬
হোমবিশ্বভেনিজুয়েলায় ভূমিকম্পের ৮৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই শিশু

ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৮৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই শিশু

favicon
ভোরের আলো ডেস্ক:
ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৮৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার দুই শিশু

ভেনিজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের প্রায় ৮৫ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে ১১ বছর বয়সী দুই শিশুকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। দীর্ঘ সময় কংক্রিটের স্তূপের নিচে আটকে থাকার পর তাদের উদ্ধার হওয়াকে অলৌকিক ঘটনা হিসেবে দেখছেন স্থানীয়রা।

উদ্ধার হওয়া প্রথম শিশুর নাম মোইসেস। শনিবার (২৭ জুন) কয়েক ঘণ্টার ঝুঁকিপূর্ণ অভিযানের পর তাকে ধ্বংসস্তূপের প্রায় তিন মিটার গভীর থেকে বের করে আনা হয়। তবে একই স্থানে তার মা ও বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে কারাবালেদা শহরের আরেকটি ধ্বংসস্তূপ থেকে একই বয়সী আরও এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এ ঘটনাকে ‘নতুন আশার প্রতীক’ হিসেবে উল্লেখ করেছেন।

গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভেনিজুয়েলায়। সরকারি হিসাবে এখন পর্যন্ত অন্তত ১,৪৩০ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় লা গুয়াইরা অঞ্চলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আফটারশকের কারণে কাজ ব্যাহত হলেও উদ্ধারকারীরা আশা ছাড়ছেন না। তাদের মতে, ধ্বংসস্তূপের নিচে পানি বা বাতাসের ব্যবস্থা থাকলে আরও জীবিত মানুষকে উদ্ধার করা সম্ভব হতে পারে।

দুর্যোগ মোকাবিলায় মেক্সিকো, স্পেন, কাতার, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের ৩৯টি আন্তর্জাতিক উদ্ধারকারী দল ভেনিজুয়েলায় কাজ করছে। প্রায় দুই হাজার উদ্ধারকর্মী, প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর এবং আধুনিক ড্রোন প্রযুক্তির সহায়তায় ধ্বংসস্তূপে আটকে পড়াদের খোঁজ চলছে।

যদিও কিছু এলাকায় উদ্ধারকাজ ধীরগতির অভিযোগ উঠেছে, তবুও সরকার জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেশীয় ও আন্তর্জাতিক সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সূত্র: বিবিসি