মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
হোমবিশ্বহরমুজ ইস্যুতে উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র-ইরান উদ্যোগ, মঙ্গলবার দোহায় বৈঠক

হরমুজ ইস্যুতে উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র-ইরান উদ্যোগ, মঙ্গলবার দোহায় বৈঠক

favicon
ভোরের আলো ডেস্ক:
হরমুজ ইস্যুতে উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র-ইরান উদ্যোগ, মঙ্গলবার দোহায় বৈঠক


টানা তিন দিনের সামরিক উত্তেজনার পর হামলা বন্ধে প্রাথমিকভাবে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সৃষ্ট সংকট নিরসনে মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে অ্যাক্সিওস বলেছে—বৈঠকে হরমুজ প্রণালির নিরাপত্তা, নৌ চলাচল এবং চলমান বিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আলোচনার সময় উভয় পক্ষ সামরিক হামলা থেকে বিরত থাকবে এবং গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে।


এর আগে রোববার ভোরে ইরান কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। হামলার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘিত হলে ইরানকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।


এদিকে ইসরায়েল জানিয়েছে, রোববার তারা লেবাননের দক্ষিণাঞ্চলে ইরান-সমর্থিত হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালিয়েছে। নতুন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও এ ধরনের হামলা অব্যাহত থাকায় উদ্বেগ তৈরি হয়েছে। ইরান বলেছে, বৃহত্তর শান্তি উদ্যোগ সফল করতে হলে লেবাননের সংঘাতও বন্ধ করা জরুরি।


এর আগে হরমুজ প্রণালিতে একটি তেলবাহী জাহাজে হামলার পর মার্কিন বাহিনীও ইরানের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালানোর কথা জানায়। বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে সংঘাতের কারণে সাময়িকভাবে জাহাজ চলাচল ব্যাহত হয়েছিল।


উল্লেখ্য, ১৪ দফার অন্তর্বর্তী শান্তি উদ্যোগের মূল লক্ষ্য ছিল চলমান সংঘাতের অবসান, ইরানের পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন বিরোধপূর্ণ ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান করা এবং হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক রাখা।