শেরপুর সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, দুইজনকে ফেরত পাঠাল বিজিবি
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করা দুই ব্যক্তিকে আটক করে সীমান্তের ওপারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৯ জুন) সকালে তাওয়াকুচা বিজিবি ক্যাম্পসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির দাবি, ভারতীয় মানবপাচারকারীদের মাধ্যমে ওই দুই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) তাওয়াকুচা ক্যাম্পের টহলরত সদস্যরা সকাল ৯টা ২০ মিনিটের দিকে সীমান্তের ১০৯৭ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করেন। পরে তাদের ভারতীয় সীমান্তের দিকে ফেরত পাঠানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক হওয়া দুই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের যশোর জেলার বাসিন্দা বলে দাবি করলেও পরিচয় যাচাইয়ের মতো কোনো নির্ভরযোগ্য তথ্য দিতে পারেননি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, রোববার সন্ধ্যা থেকেই ওই দুই ব্যক্তি কাঁটাতারের বেড়ার কাছাকাছি অবস্থান করছিলেন। সোমবার সকালে তারা বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে বিজিবি তাদের আটক করে পুনরায় সীমান্তের ওপারে পাঠিয়ে দেয়। বর্তমানে তারা ১০৯৭ নম্বর সীমান্ত পিলারের কাছে নোম্যান্সল্যান্ড এলাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।
তাওয়াকুচা বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার হাবিলদার মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্তে সন্দেহজনকভাবে অবস্থানরত দুই ব্যক্তিকে শনাক্ত করে ভারতীয় অংশে ফেরত পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে সীমান্ত দিয়ে মানবপাচারের মাধ্যমে অনুপ্রবেশের এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।