মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
হোমবিশ্বচুক্তির অংশ হিসেবে জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাবে ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

চুক্তির অংশ হিসেবে জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাবে ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

favicon
ভোরের আলো ডেস্ক:
চুক্তির অংশ হিসেবে জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাবে ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সমঝোতার অংশ হিসেবে দেশটির তেল ও পেট্রোকেমিক্যাল খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে কাতারে জব্দ থাকা ইরানের অর্থের মধ্যে প্রথম ধাপে ৬০০ কোটি ডলার ছাড় দেওয়া হবে।


বার্তা সংস্থা মেহেরের প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৯ জুন) কোম শহর সফরকালে গ্র্যান্ড আয়াতুল্লাহ শোবেইরি জানজানির সঙ্গে সাক্ষাতে এ ঘোষণা দেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।


তিনি বলেন, কাতারে ইরানের মোট ১ হাজার ২০০ কোটি ডলার আটকে রয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ৬০০ কোটি ডলার ফেরত দেওয়া হবে এবং অবশিষ্ট অর্থ ছাড়ের প্রক্রিয়াও চলমান রয়েছে।


প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, অর্থ ছাড় এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনা ও ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অংশ হিসেবে বাস্তবায়িত হচ্ছে।


পেজেশকিয়ান এই সমঝোতাকে ইরানের জনগণের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, যুদ্ধকালীন সময়ে দেশের সর্বোচ্চ নেতা, সামরিক কমান্ডার, সরকারি কর্মকর্তা এবং সাধারণ নাগরিকদের ওপর হামলার পরও জনগণ, সশস্ত্র বাহিনী ও সরকার ঐক্যবদ্ধ থেকে পরিস্থিতি মোকাবিলা করেছে।


তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের মাধ্যমে ইরানকে দুর্বল করার চেষ্টা করলেও জনগণের প্রতিরোধের কারণে সেই পরিকল্পনা সফল হয়নি।


পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে প্রেসিডেন্ট বলেন, দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা করছে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে তিনি আশ্বাস দেন, ইরানের পারমাণবিক কার্যক্রম শান্তিপূর্ণ ও দেশের প্রয়োজনভিত্তিক নীতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে।


এ ছাড়া তিনি দাবি করেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই ইসরাইলকে সমঝোতা মেনে নিতে রাজি করিয়েছে। যদিও ইসরাইল এবং কিছু বিরোধী পক্ষ এখনো চুক্তির বাস্তবায়নের বিরোধিতা করছে বলে মন্তব্য করেন তিনি।


যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন কার্যক্রমের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট জানান, সাধারণ মানুষের জন্য খাদ্য ভর্তুকি ও ঋণসুবিধাসহ বিভিন্ন সহায়তামূলক কর্মসূচিও সরকার বাস্তবায়ন শুরু করেছে।