উত্তর জার্মানির যুবকেন্দ্রে বন্দুক হামলা, নিহত অন্তত ৫
উত্তর জার্মানির স্টাডে শহরের একটি যুবকেন্দ্রে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
হামলার পরপরই অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের দাবি, আটক ব্যক্তিদের একজন এই হামলার প্রধান সন্দেহভাজন। তবে হামলার উদ্দেশ্য বা নিহতদের পরিচয় সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জনসাধারণের জন্য তাৎক্ষণিক কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য, জরুরি সেবাকর্মী ও উদ্ধারকারী দল মোতায়েন রয়েছে।
তদন্তের স্বার্থে এবং নিরাপত্তার কথা বিবেচনা করে প্রশাসন সাধারণ মানুষকে ঘটনাস্থল ও আশপাশের এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।
প্রায় ৫০ হাজার মানুষের বসবাসের শহর স্টাডে জার্মানির হামবুর্গের পশ্চিমে অবস্থিত। হামলার কারণ এবং এতে জড়িতদের বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।