বুধবার , ০১ জুলাই ২০২৬
বুধবার , ০১ জুলাই ২০২৬
হোমবিশ্বহিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরাইল

হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরাইল

favicon
ভোরের আলো ডেস্ক:
হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরাইল

যুদ্ধবিরতি ও শান্তি চুক্তি স্বাক্ষরিত হলেও দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না বলে জানিয়েছে ইসরাইল। দেশটির দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত সেনারা তাদের অবস্থান বজায় রাখবে।


ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেন, লেবাননের কোনো ভূখণ্ড দখলের লক্ষ্য তাদের নেই। তবে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সেনা প্রত্যাহারের প্রশ্নই ওঠে না। তার ভাষায়, **“হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত আমরা এক মিলিমিটারও পিছু হটব না।”**


ইসরাইলি সংবাদমাধ্যম *টাইমস অব ইসরাইল* জানায়, যুদ্ধবিরতি চুক্তির পর মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান লেবানন সফরে গেলে সেই সময়ই এ অবস্থান তুলে ধরেন কাটজ।


মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, চুক্তির আওতায় লেবানন সরকারকে সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করা এবং তাদের সামরিক অবকাঠামো অপসারণের দায়িত্ব দেওয়া হয়েছে। এ প্রক্রিয়া সম্পন্ন হলে ধাপে ধাপে ইসরাইলি সেনা প্রত্যাহারের সুযোগ তৈরি হবে।


এদিকে, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন, হিজবুল্লাহকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে সেখানে লেবাননের নিয়মিত সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেওয়া হচ্ছে।


তবে এর মধ্যেই দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির সেনাবাহিনীর দাবি, ওই এলাকায় তাদের সদস্যদের ওপর হামলার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে। একই ঘটনায় একজন ইসরাইলি সেনা গুরুতর আহত হয়েছেন বলেও জানানো হয়।


কাটজ আরও জানান, পরীক্ষামূলক উদ্যোগ হিসেবে দক্ষিণ লেবাননের দুটি নির্দিষ্ট স্থান থেকে সেনা সরানো হতে পারে। তবে এর বাইরে অন্য কোনো এলাকা থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা নেই। তিনি দাবি করেন, এই অবস্থানের প্রতি যুক্তরাষ্ট্রও সমর্থন জানিয়েছে এবং তা দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির অংশ।


এ ছাড়া ইরান-ইসরাইল উত্তেজনার প্রসঙ্গ টেনে কাটজ বলেন, লেবাননকে কেন্দ্র করে ইরান কোনো হামলা চালালে ইসরাইল তার জবাব দিতে প্রস্তুত রয়েছে।