চাঁদা না দেওয়ায় পটিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে আহতের অভিযোগ
চট্টগ্রামের পটিয়ায় চাঁদার দাবি প্রত্যাখ্যান করায় বিএনপি নেতা মো. মামুন সিকদারকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। সোমবার (২৯ জুন) উপজেলার ছনহরা ইউনিয়নের কিরিঞ্জা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মামুন সিকদার (৫০) ছনহরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মামুন সিকদার আনোয়ারা খাল থেকে নৌকায় বালু এনে ছনহরা এলাকায় ব্যবসা করতেন। সোমবার দুপুরে বালুভর্তি একটি নৌকা নিয়ে ফেরার সময় আশিয়া ইউনিয়নের বাসিন্দা সোহেল নামে এক ব্যক্তি তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন।
অভিযোগ অনুযায়ী, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোহেল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে মামুন সিকদারের ওপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় তাকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, বিএনপি নেতাকে মারধরের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।