পরকীয়া কি বিচ্ছেদের যথেষ্ট কারণ? মন্তব্যে বিতর্কে অভিনেতা রাম কাপুর
বিবাহিত সম্পর্কে পরকীয়া বা প্রতারণা বিচ্ছেদের যথেষ্ট কারণ কি না—এমন সংবেদনশীল বিষয় নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কের মুখে পড়েছেন ভারতীয় টেলিভিশন অভিনেতা রাম কাপুর।
রিয়্যালিটি শো লক আপ-এ তিনি বলেন, কোনো ব্যক্তি ভুলবশত সঙ্গীর সঙ্গে প্রতারণা করলেও, শুধুমাত্র সেই কারণেই দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্ক ভেঙে দেওয়া উচিত নয়। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
অনুষ্ঠানে সহ-প্রতিযোগী শ্রেয়া কালরা প্রশ্ন করেন, যদি তিনি নিজেই জানতে পারেন যে তার জীবনসঙ্গী তাকে প্রতারণা করেছেন, তাহলে তিনিও কি অন্য সম্পর্কে জড়াবেন? জবাবে রাম কাপুর জানান, তিনি এমনটি করবেন না।
নিজের বক্তব্য ব্যাখ্যা করে তিনি বলেন, বিবাহিত জীবন সবসময় সহজ নয় এবং দীর্ঘ দাম্পত্যে ভালো-মন্দ সময় আসতেই পারে। তার মতে, যদি একজন মানুষ সত্যিই তার সঙ্গীকে ভালোবাসেন, তবে একটি ভুলের কারণে সম্পর্ক শেষ করে দেওয়া সবসময় সঠিক সমাধান নয়। তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রে সময়ের সঙ্গে সম্পর্কের সংকট কাটিয়ে ওঠা সম্ভব এবং একটি ভুল দিয়ে পুরো সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত নয়।
রাম কাপুরের এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার বক্তব্যকে দীর্ঘমেয়াদি সম্পর্ক রক্ষার পক্ষে মত হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন, পরকীয়াকে এভাবে হালকাভাবে দেখা প্রতারণার শিকার ব্যক্তির অনুভূতিকে খাটো করে।