বৃহস্পতিবার , ০২ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ০২ জুলাই ২০২৬
হোমবিশ্বরাজস্থানে বাস-ট্রাক সংঘর্ষে আগুন, নিহত ৭, আহত অন্তত ২২

রাজস্থানে বাস-ট্রাক সংঘর্ষে আগুন, নিহত ৭, আহত অন্তত ২২

favicon
ভোরের আলো ডেস্ক:
রাজস্থানে বাস-ট্রাক সংঘর্ষে আগুন, নিহত ৭, আহত অন্তত ২২

ভারতের রাজস্থান রাজ্যের দৌসা জেলার কাছে দিল্লি-মুম্বাই মহাসড়কে একটি শীতাতপ নিয়ন্ত্রিত শয়নবাস ও পণ্যবাহী ট্রাকের সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি।


মঙ্গলবার দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বাসটি উত্তরাখণ্ডের ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরের উদ্দেশে যাচ্ছিল। দৌসা এলাকায় পৌঁছালে দ্রুতগতিতে চলা বাসটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই দুটি যানবাহনে আগুন ছড়িয়ে পড়ে।


আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় যাত্রীরা প্রাণ বাঁচাতে জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করেন। তবে কয়েকজন বাসের ভেতরেই আটকা পড়ে প্রাণ হারান। স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।


কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে পাঁচজন আগুনে দগ্ধ হয়ে এবং দুজন মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা গেছেন। আহতদের দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।


পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে বাসচালকের তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়া অথবা অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বাসটির কারিগরি অবস্থাও পরীক্ষা করা হবে।


এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব করেছে। তাদের দাবি, দ্রুত উদ্ধারকাজ শুরু হলে আরও প্রাণ রক্ষা করা সম্ভব হতে পারত। এছাড়া বাসের মালামাল রাখার অংশে দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলেও স্থানীয়দের অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।


রাজস্থান প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করে তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হচ্ছে।