বৃহস্পতিবার , ০২ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ০২ জুলাই ২০২৬
হোমবিশ্বঘানা ও আইভরি কোস্টে ভারী বৃষ্টিতে অন্তত ৩০ জনের মৃত্যু

ঘানা ও আইভরি কোস্টে ভারী বৃষ্টিতে অন্তত ৩০ জনের মৃত্যু

favicon
ভোরের আলো ডেস্ক:
ঘানা ও আইভরি কোস্টে ভারী বৃষ্টিতে অন্তত ৩০ জনের মৃত্যু

টানা কয়েক দিনের ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে পশ্চিম আফ্রিকার দেশ ঘানা ও আইভরি কোস্টে অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও বহু মানুষ এখনও নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, সোমবার শুরু হওয়া ভারী বৃষ্টির পর মঙ্গলবার পর্যন্ত ঘানার রাজধানী আক্রায় অন্তত ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির জাতীয় ফায়ার সার্ভিস।


অবিরাম বৃষ্টিতে আক্রার বহু সড়ক, বাড়িঘর ও নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। উদ্ধারকর্মীরা রাতভর অভিযান চালিয়ে আটকে পড়া বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। গ্রেটার আক্রা অঞ্চলে এ পর্যন্ত ৪০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


পরিস্থিতি পরিদর্শন করে ঘানার প্রেসিডেন্ট জন মাহামা জলবায়ু পরিবর্তনকে এ দুর্যোগের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।


অন্যদিকে, আইভরি কোস্টে শনিবার থেকে শুরু হওয়া টানা বর্ষণেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির দমকল বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সেখানে প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে। তবে সরকারিভাবে এখনো নিহতের চূড়ান্ত সংখ্যা প্রকাশ করা হয়নি।


দুই দেশেই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশঙ্কা করছে।