আজ ঘোষণা হবে জুলাই মাসের এলপিজির নতুন দাম
জুলাই মাসে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম বাড়বে নাকি কমবে, সে বিষয়ে আজ (বৃহস্পতিবার) সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকোর ঘোষিত সৌদি সিপি (Contract Price) অনুসারে জুলাই মাসের জন্য বেসরকারি এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে কমিশনের আনুষ্ঠানিক আদেশ বৃহস্পতিবার প্রকাশ করা হবে।
বিকেল ৩টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত বিইআরসির শুনানি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করা হবে।
এছাড়া নতুন মূল্যসংক্রান্ত আদেশ বিইআরসির ওয়েবসাইটেও প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
এর আগে গত ২ জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল। নতুন ঘোষণার মাধ্যমে জুলাই মাসের মূল্য কার্যকর হবে।