আদাবরে সালিশ শেষে হামলা, নিহত বিএনপি নেতা বাশার
রাজধানীর আদাবরে সালিশ বৈঠক শেষে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় বিএনপি নেতা মো. আবুল বাশার বাদশা নিহত হয়েছেন। একই ঘটনায় নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম গুরুতর আহত হয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে আদাবরের নবোদয় কাচাবাজার হাউজিং চার রাস্তার মোড়ে হামলাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সালিশ বৈঠক শেষে ফেরার সময় ৮ থেকে ১০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে বাশার ও সাদ্দামের ওপর হামলা চালায়। এতে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বাশারের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
অন্যদিকে আহত সাদ্দাম শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।