জ্বালানি সংকটে ভারত থেকে পেট্রোল আমদানি শুরু করেছে রাশিয়া
ইউক্রেনের ড্রোন হামলায় তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামোর ক্ষয়ক্ষতির পর সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে সমুদ্রপথে পেট্রোল আমদানি শুরু করেছে রাশিয়া। শিল্পসংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, ভারত থেকে ইতোমধ্যে অন্তত ৬০ হাজার মেট্রিক টন পেট্রোল রাশিয়ার উদ্দেশে পাঠানো হয়েছে। এছাড়া ৩০ থেকে ৪০ হাজার টন পেট্রোল বহনকারী আরও দুটি ট্যাংকার রাশিয়ার পথে রয়েছে।
রাশিয়াজুড়ে বর্তমানে পেট্রোলের সংকট দেখা দিয়েছে। বিভিন্ন অঞ্চলে রেশনিং ব্যবস্থা চালু হয়েছে, ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি তৈরি হচ্ছে এবং জ্বালানির দামও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এ পরিস্থিতিতে সরকার তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি আমদানির জন্য বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করছে।
শিল্পসংশ্লিষ্ট সূত্রের দাবি, রাশিয়া ভারত, বেলারুশসহ বিভিন্ন দেশ থেকে প্রতি মাসে প্রায় চার লাখ টন পেট্রোল আমদানির পরিকল্পনা করেছে। গ্রীষ্মকালে দেশটিতে প্রতিদিন প্রায় ১ লাখ ১০ হাজার টন পেট্রোলের চাহিদা থাকে। তবে ভারতের কোন তেল শোধনাগার থেকে এই জ্বালানি সরবরাহ করা হচ্ছে, তা এখনো প্রকাশ করা হয়নি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি স্বীকার করেছেন, ইউক্রেনের হামলায় কয়েকটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু অঞ্চলে জ্বালানির ঘাটতি তৈরি হয়েছে। তবে সরকার পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে বলেও তিনি জানান।
এদিকে বেলারুশও রাশিয়ায় পেট্রোল রপ্তানি বাড়িয়েছে। জুনের প্রথমার্ধে দেশটি রেলপথে ৭০ হাজার টনের বেশি পেট্রোল সরবরাহ করেছে, যা আগের মাসের একই সময়ের তুলনায় প্রায় তিন গুণ বেশি।
জ্বালানি আমদানি সহজ করতে সম্প্রতি রাশিয়ার পার্লামেন্ট কর আইনে সংশোধনী অনুমোদন করেছে। নতুন ব্যবস্থায় আমদানিকৃত জ্বালানির জন্য ভর্তুকির সুযোগ রাখা হয়েছে।
অন্যদিকে, জুন মাসে ভারত রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করেছে। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ওই মাসে ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির অর্ধেকেরও বেশি এসেছে রাশিয়া থেকে।
এছাড়া কাজাখস্তান জুলাই ও আগস্ট মাসে মানবিক সহায়তা হিসেবে রাশিয়াকে ৫০ হাজার মেট্রিক টন পেট্রোল সরবরাহের বিষয়ে সম্মতি দিয়েছে বলে শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে কাজাখস্তানের জ্বালানি মন্ত্রণালয় বলেছে, এ বিষয়ে তারা এখনো রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সরকারি অনুরোধ পায়নি।