শুক্রবার , ০৩ জুলাই ২০২৬
শুক্রবার , ০৩ জুলাই ২০২৬
হোমবিশ্বখামেনির শেষ বিদায়ে অংশ নেবে ১০০ দেশের প্রতিনিধিদল

খামেনির শেষ বিদায়ে অংশ নেবে ১০০ দেশের প্রতিনিধিদল

favicon
ভোরের আলো ডেস্ক:
খামেনির শেষ বিদায়ে অংশ নেবে ১০০ দেশের প্রতিনিধিদল

ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান আগামী ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত বিভিন্ন ধাপে অনুষ্ঠিত হবে। এ আয়োজনে বিশ্বের প্রায় ১০০টি দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তা, কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তি ও প্রতিনিধিদল অংশ নেবে বলে জানিয়েছে ইরান।


বৃহস্পতিবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেন, খামেনির বিদায় অনুষ্ঠান ইরানি জনগণ, আঞ্চলিক জনগোষ্ঠী এবং বিশ্ব মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক আয়োজন।


তিনি জানান, স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টা থেকে তেহরানে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শুরু হবে, যা দুপুর ১২টা পর্যন্ত চলবে। এরপর দুপুর দেড়টা থেকে বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি ও রাজনৈতিক নেতারা আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানাবেন।


এর আগে ইরানের সংস্কৃতি ও ইসলামী দিকনির্দেশনাবিষয়ক মন্ত্রী আব্বাস সালেহি জানান, অনুষ্ঠানকে ঘিরে গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, দেশি-বিদেশি প্রায় ৬০০ সাংবাদিক ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরা পুরো আয়োজন সরাসরি কাভার করবেন।


ইরানি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া ও কিউবাসহ ৩০টিরও বেশি দেশের জ্যেষ্ঠ প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া শেষ বিদায়ে দেড় থেকে দুই কোটি মানুষের অংশগ্রহণ হতে পারে বলেও তাদের আশা।


ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৪ জুলাই তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রার্থনা কমপ্লেক্সে খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর তেহরানে শোকযাত্রা অনুষ্ঠিত হবে। পরবর্তী দিনগুলোতে কোম, ইরাকের বাগদাদ, কারবালা ও নাজাফে শোকানুষ্ঠান শেষে ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদে দাফনের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।