রবিবার , ০৫ জুলাই ২০২৬
রবিবার , ০৫ জুলাই ২০২৬
হোমবিশ্বখামেনির শেষ বিদায় ঘিরে ট্রাম্পের মন্তব্য: ‘ইরানকে এক সপ্তাহের ছুটি দিয়েছি’

খামেনির শেষ বিদায় ঘিরে ট্রাম্পের মন্তব্য: ‘ইরানকে এক সপ্তাহের ছুটি দিয়েছি’

favicon
ভোরের আলো ডেস্ক:
খামেনির শেষ বিদায় ঘিরে ট্রাম্পের মন্তব্য: ‘ইরানকে এক সপ্তাহের ছুটি দিয়েছি’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সাম্প্রতিক সংঘাতের পর ইরান এখন ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় আগ্রহী। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় উপলক্ষে দেশটিকে ‘এক সপ্তাহের ছুটি’ দেওয়া হয়েছে।

শনিবার (৪ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে ইরান ইন্টারন্যাশনাল জানায়, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এ মন্তব্য করেন।

বক্তব্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সাম্প্রতিক যুদ্ধে ইরানকে কঠোরভাবে মোকাবিলা করেছে এবং বর্তমানে তেহরান সমঝোতার পথ খুঁজছে। তিনি আরও বলেন, খামেনির শেষ বিদায় উপলক্ষে ইরানকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

এদিকে, প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মাশহাদে দাফনের আগে ৩ থেকে ৯ জুলাই পর্যন্ত ইরান ও ইরাকের বিভিন্ন শহরে সাত দিনব্যাপী শ্রদ্ধা নিবেদন, জানাজা ও শোকযাত্রার আয়োজন করা হয়েছে। শনিবার সকালে তেহরানে আনুষ্ঠানিকভাবে শেষ বিদায়ের কর্মসূচি শুরু হয়।

উল্লেখ্য, ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় তিনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।