নিউইয়র্কের কোনি আইল্যান্ডে গোলাগুলি, চার শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কোনি আইল্যান্ড এলাকায় ভয়াবহ গোলাগুলির ঘটনায় চার শিশুসহ অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে ২১ বছর বয়সী এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সময় শনিবার (৪ জুলাই) রাত আনুমানিক ১০টা ৩৭ মিনিটে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। পরে আহত আটজনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, আহতদের বয়স ৬ থেকে ৩৭ বছরের মধ্যে। তাদের মধ্যে সাতজনের অবস্থা বর্তমানে স্থিতিশীল থাকলেও বুকে গুলিবিদ্ধ ২১ বছর বয়সী এক নারীর অবস্থা গুরুতর।
আহত চার শিশুর মধ্যে ৬ বছর বয়সী এক শিশুর পেটে, ৭ বছর বয়সী আরেক শিশুর দুই পায়ে, ১২ বছর বয়সী এক শিশুর পায়ে এবং ১৪ বছর বয়সী এক কিশোরের ঊরুতে গুলি লেগেছে।
ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এনওয়াইপিডি।
উল্লেখ্য, গোলাগুলির ঘটনাস্থল কোনি আইল্যান্ড থেকে প্রায় ৪৭ মিনিটের বাসপথ দূরে নিউইয়র্ক–নিউজার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হওয়ার কথা রয়েছে নরওয়ের। তবে পুলিশ এখন পর্যন্ত গোলাগুলির ঘটনার সঙ্গে ওই ম্যাচের কোনো সংশ্লিষ্টতার তথ্য জানায়নি।