যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা ‘প্রতিরোধ অক্ষের অর্জন’ বলে দাবি ইরানি পার্লামেন্ট স্পিকারের
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) তেহরানের নেতৃত্বাধীন ‘প্রতিরোধ অক্ষ’-এর জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অর্জন। ইয়েমেনের হুথি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের উপপ্রধান মোহাম্মদ আল-নুয়াইমির সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
গালিবাফের দাবি, এই সমঝোতার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরাইল কার্যত ইরানের মিত্রদের নিয়ে গঠিত ‘প্রতিরোধ অক্ষ’-এর বাস্তব উপস্থিতি স্বীকার করতে বাধ্য হয়েছে। তার ভাষায়, এটি সমঝোতা স্মারকের অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্য।
ইরানের নেতৃত্বাধীন ‘প্রতিরোধ অক্ষ’-এ লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি, গাজার হামাস এবং ইরাকের কয়েকটি সশস্ত্র গোষ্ঠী অন্তর্ভুক্ত বলে উল্লেখ করা হয়।
বৈঠকে গালিবাফ আরও দাবি করেন, সামরিক ও রাজনৈতিক—উভয় ক্ষেত্রেই এই সমঝোতা যুক্তরাষ্ট্রের জন্য একটি পরাজয় এবং প্রতিরোধ অক্ষের জন্য একটি সাফল্য হিসেবে বিবেচিত হতে পারে।
তিনি আরও বলেন, কার্যকর কূটনীতির ভিত্তি হলো শক্তিশালী সামরিক প্রস্তুতি। তার মতে, ইরানকে দুর্বল মনে করলে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ভবিষ্যতে আবারও সামরিক পদক্ষেপের পথ বেছে নিতে পারে।