রাতের আগুনে সব পুড়ে ছাই, জীবন-মৃত্যুর লড়াইয়ে নলডাঙ্গার এক গৃহবধূ
নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ছান্দাবাড়ি গ্রামে শনিবার দিবাগত রাত ২টার দিকে এক বাড়িতে ভয়াবহ আগুনে দগ্ধ হয়েছেন এক দম্পতি। তাঁদের মধ্যে কোহিনূর বেগম (৩২) এর শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্বামী মীর বাবু (৩৮) সামান্য দগ্ধ হলেও শঙ্কামুক্ত।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝোড়ো হাওয়ার সময় রান্নাঘরের একটি বৈদ্যুতিক বাল্ব বিস্ফোরিত হলে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন মীর বাবু, তাঁর স্ত্রী ও দুই সন্তান। আগুন টের পেয়ে তাঁরা শিশুদের নিরাপদে সরিয়ে আনতে পারলেও দম্পতি দগ্ধ হন।
ফায়ার সার্ভিস জানায়, আগুনে চারটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। গুদামে সংরক্ষিত কৃষিপণ্য ও লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বাড়ি থেকে ৪০ হাজার টাকা ও কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
নলডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে সব কিছু ছাই হয়ে যায়।