মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, পুড়ল কয়েকটি সিট
পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা ‘আরাফাত পরিবহন’ নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে বাসটির পেছনের কিছু অংশ ও কয়েকটি সিট পুড়ে গেছে।
জানা যায়, মঠবাড়িয়া উপজেলা পরিষদসংলগ্ন মঠবাড়িয়া-পিরোজপুর বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা আরাফাত পরিবহনের (খুলনা-ব-১১৫) নম্বরের একটি বাসের পেছনের অংশের সিটে আগুন দেওয়া হয়। এ সময় অন্য বাসের হেলপাররা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে বাসটির পেছনের কিছু অংশ এবং কয়েকটি সিট ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদ বলেন, রাত ১২টার দিকে বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি বলেন, বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কে বা কারা আগুন লাগিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তার ধারণা, নাশকতার উদ্দেশ্যে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।