পুলিশের উপস্থিতিতে খুলনায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ ৪ জন হাসপাতালে
খুলনার সদর থানার বাগমারা সেতু এলাকায় পুলিশের উপস্থিতিতেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ অন্তত চারজন গুরুতর আহত হন।
আহতদের মধ্যে বাগমারা এলাকার আবদুল আজিজ, সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম ও মো. নজরুল ইসলামের নাম জানা গেছে। গুলিবিদ্ধ আবদুল আজিজকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্য তিনজন ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, শনিবার রাতে বাগমারার ‘শিরিনা স্টোর’ নামে একটি মুদিদোকানে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা সন্দেহভাজন দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে এবং তাদের কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়।
এ ঘটনার জেরে আজ দুপুরে চোরদের পক্ষ নিয়ে একদল সন্ত্রাসী এলাকাবাসীর ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজনা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বরং এলাকাবাসী দু’ভাগে বিভক্ত হয়ে নিজেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষ চলাকালে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আবদুল আজিজ আহত হন। এছাড়া ধারালো অস্ত্রের আঘাতে তিনজন গুরুতর জখম হন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানোয়ার হুসাইন জানান, চুরির ঘটনার পরই উত্তেজনা তৈরি হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে এবং বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।