কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, শেষ বিদায়ের প্রস্তুতি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ পবিত্র শহর কোমে পৌঁছেছে। মঙ্গলবার (৭ জুলাই) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নির্ধারিত শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার আগে হেলিকপ্টারে করে রাজধানী তেহরানের দক্ষিণে অবস্থিত ধর্মীয় নগরী কোমে নেওয়া হয়েছে খামেনির মরদেহ।
রাষ্ট্রীয় টেলিভিশনের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে মরদেহ বহনকারী হেলিকপ্টারকে কোমে অবতরণ করতে দেখা যায়। ভিডিওর সঙ্গে দেওয়া বার্তায় বলা হয়েছে, ‘শহীদ নেতার মরদেহ কোমে পৌঁছেছে।’
ইরানের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে কোম শহরের বিশেষ গুরুত্ব রয়েছে। দেশটির অন্যতম প্রধান ধর্মীয় শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত এই শহরে আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।