বুধবার , ০৮ জুলাই ২০২৬
বুধবার , ০৮ জুলাই ২০২৬
হোমবিশ্বনেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাইলেন ব্রিটিশ এমপিরা

নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাইলেন ব্রিটিশ এমপিরা

favicon
ভোরের আলো ডেস্ক:
নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাইলেন ব্রিটিশ এমপিরা

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিনের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের আইনপ্রণেতারা।


মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। স্কাই নিউজের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে বিভিন্ন রাজনৈতিক দলের অন্তত ৭১ জন ব্রিটিশ এমপি ও হাউস অব লর্ডসের সদস্য যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো এক যৌথ চিঠিতে এ দাবি জানান।


লেবার পার্টির এমপি নিল ডানকান-জর্ডানের নেতৃত্বে লেখা ওই চিঠিতে ক্ষমতাসীন লেবার পার্টির ৩০ জন এমপি ও সাতজন লর্ডস সদস্যসহ বিভিন্ন দলের আইনপ্রণেতারা স্বাক্ষর করেন।


চিঠিতে বলা হয়, ফিলিস্তিনি বেসামরিক জনগণের বিরুদ্ধে সংঘটিত পদ্ধতিগত ও নথিভুক্ত মানবাধিকার লঙ্ঘনের দায় ইসরাইল সরকারের ওপর বর্তায় এবং এর জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও দায়ী।


আইনপ্রণেতারা যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীকে নেতানিয়াহু ও উপপ্রধানমন্ত্রী এবং বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তাদের মতে, এ পদক্ষেপ দায়মুক্তির সংস্কৃতি রোধে সহায়ক হতে পারে।


চিঠিতে আরও উল্লেখ করা হয়, গত বছর ইসরাইলের দুই ডানপন্থি মন্ত্রী ইতামার বেন-গভির ও বেজালেল স্মোটরিচের বিরুদ্ধে নেওয়া নিষেধাজ্ঞাকে স্বাগত জানানো হলেও, তা ফিলিস্তিনি বন্দিদের প্রতি আচরণে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারেনি। বরং পরিস্থিতি আরও অবনতির দিকে গেছে বলে দাবি করা হয়েছে।


এ ছাড়া চিঠিতে জাতিসংঘের ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুদের বিরুদ্ধে নির্যাতন, জোরপূর্বক বাস্তুচ্যুতি, ব্যাপক হত্যাকাণ্ড এবং জীবনধারণের উপকরণ ধ্বংসের মতো কর্মকাণ্ড একটি নিয়মিত চর্চায় পরিণত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।