উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে গ্রেপ্তার দুইজন ফের ৩ দিনের রিমান্ডে
ঢাকা, ৮ জুলাই: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় উগ্রবাদী সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার দুই আসামিকে আরও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একই মামলায় গ্রেপ্তার অপর চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। পাশাপাশি আগামী ১২ জুলাইয়ের মধ্যে মামলার তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন আদালত।
রিমান্ডে পাঠানো দুই আসামি হলেন শাহ আমানত সাবির ও হোসাইন তানিম। অপরদিকে কারাগারে পাঠানো চারজন হলেন জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়োজিত।
আদালতে ছয় আসামিকে হাজির করার পর তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার পরিদর্শক (ইন্সপেক্টর) এ বি সিদ্দিক দুই আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন। এর আগে গত ৫ জুলাই তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।
আসামিদের পক্ষে আইনজীবী মো. সাদ্দাম হোসেন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানিয়ে বলেন, আসামিরা শিক্ষার্থী এবং ইতোমধ্যে তিন দিনের রিমান্ডে থাকলেও তদন্তে উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
আদালত পর্যবেক্ষণে বলেন, এ মামলায় পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখায়নি। সুষ্ঠু তদন্তের স্বার্থে রিমান্ড চাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে কোনো সংশ্লিষ্টতা না পাওয়া গেলে আইনি প্রক্রিয়ায় তারা মুক্তি পাবেন।
পরে বিচারক জানতে চান, রিমান্ডে কোনো নির্যাতনের শিকার হয়েছেন কি না। এ সময় আসামি শাহ আমানত সাবির মাথা নেড়ে ‘না’ সূচক জবাব দেন।
মামলার নথি অনুযায়ী, গত ৫ জুলাই ভোরে যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পুলিশের দাবি, সেখানে একটি উগ্রবাদী সংগঠনের কয়েকজন সদস্য প্রশিক্ষণের উদ্দেশ্যে জড়ো হয়েছিল। অভিযান চালানোর সময় কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়।