স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের নির্দেশ ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে স্পেনকে ন্যাটো জোটের ‘ভয়াবহ অংশীদার’ বলেও মন্তব্য করেন ট্রাম্প।
বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, স্পেনের সঙ্গে কোনো ধরনের ব্যবসায়িক সম্পর্ক রাখতে চান না তিনি। তার ভাষায়, স্পেন কোনো বিষয়েই ঐকমত্যে আসে না এবং জোটের অন্য সদস্যদের ওপর নিজেদের দায়িত্ব চাপিয়ে দিচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রস্তাবে আপত্তি জানায় স্পেন। এছাড়া ইরানকে ঘিরে চলমান উত্তেজনার সময় যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতিও দেয়নি দেশটি।