গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের বক্তব্যে ন্যাটোতে নতুন উত্তেজনা, কড়া বার্তা ডেনমার্কের
গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকা উচিত বলে আবারও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এ বক্তব্যের জবাবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন স্পষ্ট করে বলেছেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং দেশটির সার্বভৌমত্ব রক্ষায় ডেনমার্ক অঙ্গীকারবদ্ধ।
তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ ডেনমার্কের পরিবর্তে যুক্তরাষ্ট্রের হাতে থাকা উচিত। তিনি আরও দাবি করেন, এ বিষয়ে ইউরোপের অবস্থান ন্যাটোর সঙ্গে সম্পর্ককে জটিল করে তুলেছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট-এর তথ্য অনুযায়ী, ন্যাটো মহাসচিব মার্ক রুটের উপস্থিতিতে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু ডেনমার্কের জন্য ততটা নয়।
এর জবাবে ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থান তাদের জানা আছে, তবে ডেনমার্কের অবস্থানও সমানভাবে পরিষ্কার। তিনি বলেন, গ্রিনল্যান্ড কোনোভাবেই বিক্রির জন্য নয় এবং একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ডেনমার্কের ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে।
ডেনমার্ক তার ভূখণ্ড রক্ষা করবে কি না—এমন প্রশ্নের উত্তরে ফ্রেডেরিকসেন বলেন, অবশ্যই ডেনমার্ক তার রাজ্যের প্রতিটি অংশ রক্ষা করবে।
তিনি ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা নীতি ‘আর্টিকেল-৫’-এর কথাও স্মরণ করিয়ে দিয়ে বলেন, জোটের কোনো সদস্যের ওপর হামলা হলে অন্য সদস্যদের সহায়তায় এগিয়ে আসতে হবে এবং গ্রিনল্যান্ডের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য।
পরিস্থিতি নিয়ে ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেন, গ্রিনল্যান্ড প্রসঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে এবং একটি সমঝোতার ভিত্তিতে ইতিবাচক অগ্রগতি হচ্ছে।