বুধবার , ০৮ জুলাই ২০২৬
বুধবার , ০৮ জুলাই ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাআন্তর্জাতিক বাজারে সোনা-রুপার দামে বড় পতন, বেড়েছে তেলের দাম

আন্তর্জাতিক বাজারে সোনা-রুপার দামে বড় পতন, বেড়েছে তেলের দাম

favicon
ভোরের আলো ডেস্ক:
আন্তর্জাতিক বাজারে সোনা-রুপার দামে বড় পতন, বেড়েছে তেলের দাম

আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপাসহ বিভিন্ন মূল্যবান ধাতুর দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। একই সময়ে অপরিশোধিত তেলের দাম ৬ শতাংশের বেশি বেড়েছে, যা বৈশ্বিক মুদ্রাস্ফীতি ও সুদের হার বৃদ্ধির আশঙ্কাকে আরও জোরালো করেছে।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৮ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৪টা ২৭ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৯ দশমিক ৯২ ডলারে নেমে আসে। এটি ২ জুলাইয়ের পর সর্বনিম্ন অবস্থান। একই সঙ্গে আগস্ট মাসে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ২ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৯ দশমিক ৮০ ডলারে দাঁড়ায়।


প্রতিবেদন অনুযায়ী, ইরানকে ঘিরে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেয়। এর ফলে তেলের দাম এক লাফে ৬ শতাংশের বেশি বেড়ে যায়।


আর্থিক প্রতিষ্ঠান ইউবিএসের বিশ্লেষক জিওভানি স্তাউনুভো বলেন, তেলের দামের এই ঊর্ধ্বগতি নতুন করে মুদ্রাস্ফীতির চাপ সৃষ্টি করতে পারে, যা মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার-সংক্রান্ত সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।


বাজার বিশ্লেষকদের মতে, সাধারণত মুদ্রাস্ফীতির সময়ে সোনাকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হলেও সুদের হার বাড়ার সম্ভাবনা দেখা দিলে সুদবিহীন এ সম্পদের চাহিদা কমে যায়।


ট্রাডু ডটকমের সিনিয়র মার্কেট বিশ্লেষক নিকোস জাবোরাস বলেন, ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং সুদের হার বৃদ্ধির সম্ভাবনার কারণে চলতি বছর সোনার বাজার চাপের মুখে রয়েছে। তার ধারণা, আগামী কয়েকটি ট্রেডিং সেশনেও এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।


অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও একই ধারা দেখা গেছে। রুপার দাম ২ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৫৮ দশমিক ৪৫ ডলারে নেমেছে। প্ল্যাটিনামের দাম ৪ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৫৭৪ দশমিক ৩ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৪ দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ২১৪ দশমিক ৯৬ ডলারে দাঁড়িয়েছে।


এদিকে, দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।